ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ৯:০৫ অপরাহ্ন

শিরোনাম

বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তাসহ ৩০০ পরিবারকে ঘর দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • আপডেট: Sunday, July 12, 2026 - 6:30 pm

ডেস্ক রিপোর্ট।। ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ৬ দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। এ ছাড়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

এমন ভয়াবহ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ১২ জুলাই সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টের মাধ্যমে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ ও টিনের নতুন পাকা ঘর দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ চলছে। এ ছাড়া প্রথম ধাপে চট্টগ্রামের বন্যাপ্লাবিত ৮ উপজেলার ৬০০০টি পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি, ইনশাআল্লাহ।’

অপর একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।’

বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলা। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য বিভাগজুড়ে ১ হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে শুকনো খাবার, রান্না করা খাবার, শিশুখাদ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, গ্রাউস ও সোনেসহ বিভিন্ন বেসরকারি সংস্থাও ত্রাণ সহায়তা দিয়েছে।