ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশনা কার্যকরে এনজিওদের সঙ্গে বিশেষ সভা

  • আপডেট: Thursday, July 23, 2026 - 6:36 pm

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিতের সরকারি সিদ্ধান্ত কার্যকর করা এবং বন্যা-পরবর্তী ত্রাণ কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় তিন মাস স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এনজিওগুলোর বন্যা-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করা।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আবুল মনসুর, জেলা প্রশাসকের প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, পরিষদের সদস্য লালজারলম বম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট উকাথোয়াই মারমা, পুলিশ সুপারের প্রতিনিধি ডিএসবির সহকারী পরিদর্শক বাতেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, কোনো দুর্যোগ বা চ্যালেঞ্জ এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কার্যকরভাবে সংকট মোকাবিলা করা সম্ভব এবং এতে সাধারণ মানুষ সর্বাধিক উপকৃত হন।

চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত এনজিও প্রতিনিধিদের এমআরএর জারিকৃত প্রজ্ঞাপন যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের স্বার্থে কিস্তি আদায় তিন মাস স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পরিচালিত ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকরা ঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোর ভূমিকা, ত্রাণ বিতরণের স্বচ্ছতা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিত রাখার প্রজ্ঞাপন জারি করে। সভায় এ উদ্যোগের জন্য প্রতিমন্ত্রীর প্রতি বান্দরবানবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।