কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান: ৪ নৌকা, ২০ হাজার বর্গফুট জাল জব্দ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই লেকে অবৈধ মাছ আহরণ রোধে অভিযান চালিয়ে ৪টি সাধারণ নৌকা এবং ২০ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, অভিযানের সময় অবৈধভাবে মাছ আহরণে ব্যবহৃত ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, কাপ্তাই লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ আহরণ বন্ধে বিএফডিসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা নৌকা ও জালগুলো বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
মো. জসিম উদ্দিন বলেন, কাপ্তাই লেকে অবৈধ মৎস্য আহরণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










