ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ৩:০০ অপরাহ্ন

শিরোনাম

পর্যটকদের জন্য মিরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:00 pm

মিরসরাই প্রতিনিধি।।

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে গত ৯ জুলাই বৈরী আবহাওয়ার কারণে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল বন বিভাগ।

এর আগে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য ঝরনাগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

ইজারাদারকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি বৃষ্টির কারণে ঝরনাগুলোতে প্রবল স্রোত ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় সবগুলো ঝরনা নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বৃষ্টি বন্ধ হওয়ায় এবং ঝরনাগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় সার্বিক দিক বিবেচনা করে ঝরনাগুলো স্বাভাবিক নিয়মে পরিচালনার জন্য উন্মুক্ত করা হলো।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়াঢালা ন্যাশনাল পার্কে মোট ১১টি ঝরনা রয়েছে। এর মধ্যে বর্তমানে ৯টিতে পর্যটন কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখযোগ্য ঝরনাগুলোর মধ্যে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, বাওয়াছড়া, সহস্রধারা ও সোনাইছড়া।

ঝরনাগুলোর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স থ্রি বি এন্টারপ্রাইজের শেয়ারহোল্ডার এস. এম. হারুন বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর থেকেই সব ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রি ও পর্যটক প্রবেশ, উভয়ই খোলা থাকবে।

বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং ঝরনার পানির প্রবাহ কম থাকায় সবকিছু বিবেচনা করে ঝরনাগুলো উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, তবে পূর্বের ন্যায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পর্যটকদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইজারাদারকে অনুরোধ করা হয়েছে।