ঢাকা | জুন ২১, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গম পার্বত্য এলাকা থেকে অসুস্থ বম নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার

  • আপডেট: Saturday, June 20, 2026 - 10:13 pm

নিজস্ব প্রতিবেদক।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকা থেকে গুরুতর অসুস্থ এক বম নারীকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

জানা যায়, রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪) আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজন দেখা দেয়।

এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিক উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করে। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে দুর্গম পার্বত্য এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জরুরি মানবিক সহায়তা প্রদানে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।