ঢাকা | মে ২, ২০২৬ - ৯:১৬ অপরাহ্ন

শিরোনাম

দলীয় পরিচয়ে অপরাধ করলে রেহাই নেই: আমান

  • আপডেট: Saturday, May 2, 2026 - 7:08 pm

এইচ এম সাগর, সাভার।। বিএনপির নাম-পরিচয় ব্যবহার করে কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

শনিবার (২ মে) দুপুরে সাভারের মেইটকা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশে কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীর ঠাঁই নেই। বিএনপি সরকার সবসময় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধ করে, তাহলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “যে-ই অপরাধ করবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, দলের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আমান উল্লাহ আমান একই এলাকায় একটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার দাবি জানান।