ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ৫:৪২ অপরাহ্ন

কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনে কৃষিতে বিপ্লব ঘটাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপডেট: Thursday, April 30, 2026 - 3:53 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে কৃষি খাতে উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড কংগ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণীসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরাজ্জামান। তিনি বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোক্তাদের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার কৃষক কার্ড বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার সুফল প্রান্তিক পর্যায়ের কৃষকরা পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে।

অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কৃষক আশীষ কুমার তনচংগ্যা।