ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ৫:০০ অপরাহ্ন

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 30, 2026 - 3:54 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক বিভাগে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এরপর দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার।

এসময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো. ইসমাইল হোসেন।