ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 3:32 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৪ জুন) বেলা ১২টায় প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ ও দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম-এর অধিনায়ক এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর এস এম সুমন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই প্রতিষ্ঠান শুধু তোমাদের জ্ঞান অর্জনের সুযোগ দেয়নি, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দিয়েছে। জীবনে ভালো মানুষ হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।”

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা, শিক্ষকবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম।

সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম এবং যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক রোজ সোনিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার সমন্বয়ক প্রভাষক কামরুল আলম, প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯০তম লং কোর্সে কমিশনপ্রাপ্ত লেফটেন্যান্ট প্রিয়ন্তি বড়ুয়া, বিদায়ী শিক্ষার্থী বিন্তি ধর নীলা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান তানভির।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।