ঢাকা | জুন ৪, ২০২৬ - ৮:২৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত

  • আপডেট: Thursday, June 4, 2026 - 6:26 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিট এলাকায় একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে সাপটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আহমেদ, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনসহ বন বিভাগের কর্মকর্তা ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, গত বুধবার (৩ জুন) রাত সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিট এলাকায় অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে উদ্ধারকৃত বন্যপ্রাণীকে নিরাপদ ও উপযোগী প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।