ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৩:৫০ অপরাহ্ন

শিরোনাম

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে লাশ হলেন দুই সাংবাদিক

  • আপডেট: Thursday, July 16, 2026 - 11:35 am

উত্তরা প্রতিনিধি।। বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।

জানা যায়, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

জানা যায়,  তারা দুইজন উত্তরা প্রেস ক্লাবের সদস্য। শনিবার ১৮ জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বচান। ওই নির্বাচনে শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক ও  রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

একই প্রেস ক্লাবের বর্তমান সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জানান, রাতে প্রেস ক্লাবে বড় পর্দায় একসঙ্গে আর্জেন্টিনার খেলা দেখেছিলাম।  খেলে শেষে খিচুড়ি খেলাম। পরে যার যার বাসার দিকে চলে গেলাম। ভোর রাতে খবর পেলাম বাসা চাপায় দুইজন সাংবাদিক নিহত হয়েছে। যাচাই-বাছাই করে দেখি তারা দুইজন আমাদেরই সহকর্মী।