ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • আপডেট: Wednesday, July 15, 2026 - 11:44 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার (১৫ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং দ্রুত নানিয়ারচর-লংগদু সড়ক সংস্কার করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার আশ্বাস দেন।

সফরকালে লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “বিএনপি জনগণের রাজনীতি করে, কারণ জনগণই এ দেশের একমাত্র মালিক। দেশের এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে হাল ধরেছেন। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আগামী পাঁচ বছরে লংগদু উপজেলার উন্নয়নে কোনো ঘাটতি থাকবে না।”

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের কোনো পরিবারই ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে না। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নানিয়ারচর-লংগদু সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হয়।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।