আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা
জেলা প্রতিনিধি।। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আত্মসমর্পণ করবেন।
আজ রোববার (১৪ জুন) আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন তিনি।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। তিনি দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বাকি সিদ্ধান্ত আদালতের।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, তিনি দুপুরে আত্মসমর্পণের জন্য সিরাজগঞ্জ আদালতে আসবেন। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।
মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।











