ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক।।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।

 

ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

 

তিনি বলেন, আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও আদালত উল্লেখ করেছেন। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

 

রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। তাদের প্রত্যাশা, আইসিজের রায় শুধু আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে তা বাস্তবায়ন করা হবে।

রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউসিআরের সভাপতি কিন মং বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য আমরা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চাই না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চাই। তিনি আমাদের কথাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে আশা করছি।

রোহিঙ্গা যুব অধিকার কর্মী মুজিবুর রহমান বলেন, আমরা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, আমরা বাংলাদেশে আশ্রয় পেয়ে কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চায় না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ফুটবল মাঠে ২০ হাজারের বেশি মানুষ জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। আইসিজের রায়ের পর জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির কাছ থেকে নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন রোহিঙ্গারা।

সম্পর্কিত