ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক।। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকার কথা জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ও সেখানে আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন। এই ঐতিহাসিক রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সব পক্ষকে সঙ্গে নিয়ে জাতিসংঘ কাজ করবে।

রায় বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, রায়ে সুনির্দিষ্টভাবে যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে, সে অনুযায়ীই এগোতে হবে। এই গণহত্যার জন্য যারা দায়ী বা এর সঙ্গে জড়িত, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনতে হবে মিয়ানমারকে। এই রায় বাস্তবায়িত না হলে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন রকম দৃষ্টান্ত তৈরি হবে বলেও তিনি সতর্ক করেন।

রোহিঙ্গা সংকট এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, যেহেতু গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে, তাই রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য এখন সারা বিশ্বকে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।

এর আগে শুক্রবার সকাল থেকেই উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হাজারো রোহিঙ্গার উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ শুরু হয়। সমাবেশে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ, গাম্বিয়া ও জাতিসংঘের নামে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা।

রায়ে স্বস্তি প্রকাশ করে আশ্রয়শিবিরের বাসিন্দারা বলেন, এই রায়ের মাধ্যমে বিশ্ব দরবারে তাঁদের ওপর চলা গণহত্যার সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে। এখন নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার কার্যকর উদ্যোগ নিতে তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের আশ্বস্ত করে বলেন, ন্যায়বিচার ও অধিকার আদায়ের লড়াইয়ে জাতিসংঘ সবসময় তাঁদের পাশে রয়েছে।

সম্পর্কিত