ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে স্থায়ী স্বীকৃতি দেয়ার ভাবনা সরকারের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী স্বীকৃতি দেয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে অনিবন্ধিত নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের একটি শৃঙ্খলার মধ্যে থাকা প্রয়োজন এবং তাদের একটি স্থায়ী অবস্থান দরকার। নিবন্ধনের মাধ্যমে সরকারের কাছে একটি সঠিক তথ্যভাণ্ডার থাকলে প্রকৃত সংবাদমাধ্যমগুলোকে সহযোগিতা করা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখাকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ফেসবুক ও ইউটিউবের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর মূল লক্ষ্য ব্যবসা হওয়ায় সেখান থেকে ছড়ানো প্রতিটি ভুয়া সংবাদ বন্ধ করা কঠিন।

সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতার কারণে আইনকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে অংশীজনদের সঙ্গে বারবার আলোচনা করা হচ্ছে। সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না, বরং সুরক্ষা দিতে চায়।

একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক গণমাধ্যমের মালিকানা থাকার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকার আলোচনা করছে। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নীতিমালা করা হবে।

সাংবাদিকদের উদ্দেশে আন্দালিভ রহমান পার্থ বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো গ্রহণযোগ্যতা। গণতান্ত্রিক পরিবেশে সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে এবং সরকারের ভুলত্রুটি থাকলে তা নির্দ্বিধায় তুলে ধরার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত