ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

আইন আদালত

স্বামীকে ভয় পেয়ে শিশু রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না: রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক।। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী সোহেল রানাকে অত্যন্ত ভয় পেতেন তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। মূলত সেই ভয় থেকেই তিনি রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় স্বামীকে সহযোগিতা করেছিলেন বলে হাইকোর্টে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী এ তথ্য জানান।

এদিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আলোচিত এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এর আগে গত ৭ জুন নিম্ন আদালত মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে সোহেল, তাঁর স্ত্রী স্বপ্না ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তাদের তথ্যমতে, সোহেল শিশু রামিসাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যা করেন এবং মরদেহ টুকরো করার চেষ্টা চালান।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে মাত্র ১৯ দিনের মধ্যে এর বিচারকাজ সম্পন্ন হয়।

সম্পর্কিত