শতকোটি টাকার বডিক্যাম অকেজো, ব্যবহারে অনীহা পুলিশের
ডেস্ক রিপোর্ট।। পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেনা বডি ওর্ন ক্যামেরা (বডিক্যাম) ব্যবহারে তীব্র অনীহা দেখাচ্ছেন বেশির ভাগ পুলিশ সদস্য। সদর দপ্তর থেকে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও মাঠপর্যায়ে এর ব্যবহার বাড়েনি, ফলে প্রায় ২৫ হাজার ক্যামেরার অধিকাংশই অব্যবহৃত পড়ে আছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নতুন ২০ হাজার বডিক্যাম কেনা হয়। বাহিনীর কাছে আগে থেকেই আরও ৫ হাজার ক্যামেরা ছিল। কিন্তু জনসংযোগ বিভাগের তথ্যমতে, গত ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে অনলাইনে যুক্ত মাত্র ৩১৪টি এবং অফলাইনে ২ হাজার ৮০০টি ক্যামেরা ব্যবহৃত হয়েছে।
ক্যামেরা ব্যবহারে অনীহার পেছনে জবাবদিহির ভয়, বাজেট সংকট ও প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমাদের বাহিনী জবাবদিহির আওতায় আসতে চায় না। আমরা বারবার নির্দেশনা দিয়েছি, কিন্তু তারা ক্যামেরা ব্যবহার করছে না।’
সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিডিও ফুটেজ থাকলে ঘুষ, অসদাচরণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের প্রমাণ থেকে যায়। জবাবদিহির মুখে পড়ার ভয়েই অনেক সদস্য ক্যামেরা পরতে চান না।
অন্যদিকে, বাজেট স্বল্পতাকেও বড় বাধা হিসেবে দেখছেন কর্মকর্তারা।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, প্রতিটি ক্যামেরার ইন্টারনেট সংযোগে মাসে প্রায় এক হাজার টাকা খরচ হয়, যে খাতে বাজেটের ঘাটতি রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে কেবল বড় আয়োজনে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। রাজশাহী রেঞ্জের এক পরিদর্শকও ইন্টারনেটের খরচের বিষয়টিকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন।
অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান স্বীকার করেছেন, বড় ধর্মীয় উৎসব বা বিশেষ আয়োজন ছাড়া বডিক্যামের ব্যবহার এখনো সীমিত। তবে এর ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, নতুন কেনা ক্যামেরার অর্ধেক অনলাইন ও বাকি অর্ধেক অফলাইন প্রযুক্তির। এগুলো পর্যবেক্ষণের জন্য পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারও স্থাপন করা হয়েছে। সদর দপ্তরের নির্দেশনা (এসওপি) অনুযায়ী, টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং তদন্তের মতো নিয়মিত কার্যক্রমে এসব ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক।
সাবেক পুলিশপ্রধান বাহারুল আলম জানান, শুরুতে ইউএনডিপির মাধ্যমে ক্যামেরা কেনার কথা থাকলেও সময়মতো না পাওয়ায় পরে জেলা ও মহানগর পুলিশকে অর্থ বরাদ্দ দিয়ে এগুলো কেনা হয়।
সূত্র-ডেইলিস্টার বাংলা











