ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক।। ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত রূপান্তর কাঠামো (ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক) তৈরি করে প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর হাতে এই রূপরেখা তুলে দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত এই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকেও প্রতিষ্ঠানটিকে অধিদপ্তরে রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রস্তাবিত রূপান্তর কাঠামোর পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) তৈরি করা হচ্ছে। অফিসার্স অ্যাসোসিয়েশনের দেওয়া খসড়া প্রস্তাবে ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি একটি যুগোপযোগী অর্গানোগ্রাম তৈরির বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরিত হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা ও কাজের গতি বাড়বে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয় এবং জনবল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে।

ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, ইমাম প্রশিক্ষণ এবং কোরআন-হাদিস বিষয়ক গবেষণাসহ নানা ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পরবর্তী ধাপে হস্তান্তরকৃত রূপান্তর কাঠামোটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর চূড়ান্ত অর্গানোগ্রাম প্রস্তুত করে অনুমোদনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সম্পর্কিত