ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক।। দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নিকার সভার সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন এই থানাটি গড়ে তোলা হবে। পাশাপাশি বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন থানা স্থাপনের পাশাপাশি দুটি নতুন পৌরসভা গঠনেরও অনুমোদন মিলেছে। এর মধ্যে একটি বগুড়ার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা পৌরসভা’ এবং অন্যটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর পৌরসভা’। এ ছাড়া ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হয়েছে।
সভায় দুটি নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের প্রস্তাবও পাস হয়। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপন করা হবে।
নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো এনেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে উত্থাপন করা হয়।

সম্পর্কিত