ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৪:০২ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

শ্রমিক আন্দোলনে অর্থায়ন: সাবেক পাঁচ মন্ত্রী-এমপিসহ ২০৪ জনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক।। মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ শিল্পপতিসহ অন্তত ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দেশের সব ব্যাংকে জরুরি নির্দেশনা পাঠিয়ে এই কার্যক্রম শুরু করেছে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, ব্যাংক হিসাব জব্দের তালিকায় দেশের শীর্ষ কয়েকটি শিল্প গ্রুপের মালিক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের নাম রয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা টিপু মুনশি, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এছাড়া তালিকায় ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস ছালাম এবং নিপা গ্রুপের খসরু চৌধুরীসহ আরও বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর নাম রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, পোশাক শ্রমিকদের আন্দোলনকে সহিংস করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী অনুপ্রবেশ করেছে এবং এতে আওয়ামীপন্থী কয়েকজন ব্যবসায়ীর মালিকানাধীন গাজীপুরের অন্তত ১০টি পোশাক কারখানা ইন্ধন দিচ্ছে। সরকার ইতিমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করলেও আন্দোলন অব্যাহত রাখার পেছনে এই অশুভ অর্থায়নের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এদিকে, পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্পর্কিত