ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৪:০০ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় থাকা দুই অটোরিকশাচালককে পিষে দিল বেপরোয়া ট্রাক

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর পোস্তগোলায় সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে কদমতলী থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)। এই ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, গভীর রাতে একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৪টা ২৫ মিনিটে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় অপর চালক জাকির হোসেনও মারা যান।

নিহত জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এবং জাহাঙ্গীর পটুয়াখালী সদরের বাসিন্দা।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত