মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
আদালত প্রতিবেদক।। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তাঁর এই জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগের দিন আদালতে হাজির না হওয়ায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু পরীমণি অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাঁর জামিন বাতিলসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় জামিন পেলেন।











