ঢাকা | নভেম্বর ৪, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে রাবার ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক।।

বান্দরবান সদর উপজেলায় এক রাবার ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গান্ধী তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুর্জয় তঞ্চঙ্গ্যা সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বালাঘাটা বাগিছড়া এলাকায় রাবারবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট ১১-৩৪৬৭) লোড করার সময় কয়েকজন ব্যক্তি এসে গাড়িটি আটকে দেন। এ সময় ইমরান নামে এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা ট্রাকের চালক ও মালিকের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে দুর্জয় তঞ্চঙ্গ্যা বিষয়টি মুঠোফোনে তাঁর বাবা গান্ধী তঞ্চঙ্গ্যাকে জানালে তিনি দ্রুত বান্দরবান সদর থানায় খবর দেন।

 

অভিযোগে আরও বলা হয়, চাঁদা না পেয়ে অভিযুক্তরা বালাঘাটা বাজারের স্থানীয় বিএনপি নেতা আবু তাহের ও তাঁর ছোট ভাই মো. ইমরান অভিযোগকারীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

 

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত