তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ফের তিনদিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক।। বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তাঁর বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামি দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেল সোয়া ৩টার দিকে কড়া পুলিশি পাহারায় তাঁকে আদালতে নেওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং জানান যে, শেখ হাসিনার দেশত্যাগের সময়কার সাহসী ভিডিও ধারণকারী তাহসিফ হত্যাকাণ্ডে দিশার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ১ নভেম্বর থেকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নিয়ে দিশাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে সময় তিনি ঘটনার আগে তাহসিফের সঙ্গে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কথা স্বীকার করেন। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ায় এবং মামলার আরেক সন্দেহভাজন রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সাথে মিল-অমিল যাচাই করতে দিশাকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৩০ অক্টোবর উত্তরখান থানায় মামলা দায়েরের পর ৩১ অক্টোবর রাতে কাফরুল থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।











