ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় সংসদ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় টোকা দিচ্ছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক লংমার্চপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বৃহত্তর ত্যাগের জন্য দেশের যুব সমাজকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির।

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও পররাষ্ট্রনীতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারেক রহমানের জাপান সফর নিয়ে সরকার লুকোচুরি করছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কী চুক্তি হয়েছে, তা অনতিবিলম্বে জাতির কাছে খোলাসা করতে হবে। একই সঙ্গে ‘কানেক্টিভিটি’ বা সংযোগের নামে অন্য কোনো দেশের কাছে প্রিয় মাতৃভূমিকে ইজারা দেওয়া চলবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। দাবি না মেনে স্বৈরাচারের পথে হাঁটলে অতীত সরকারের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি-সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং প্রশাসন থেকে সংকীর্ণ দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আজ ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে এই বৃহৎ লংমার্চ কর্মসূচি শুরু করেছে।

সকাল সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের উদ্বোধনী সমাবেশ শেষে প্রায় ৬ শতাধিক গাড়ির বহর নিয়ে লংমার্চের যাত্রা শুরু হয়।

সোয়া চারশত কিলোমিটারের এই দীর্ঘ সড়কযাত্রায় পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের জাজিরা, বাগেরহাটের কাটাখালী, খুলনা মহানগরী, ফুলতলা, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহে পর্যায়ক্রমে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে আজ রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত