‘গণভোট অবৈধ হলে এ সরকারও বৈধ হতে পারে না’: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক।। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সাথে গাদ্দারি করছে এবং জনগণকে অসম্মান করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট যদি অবৈধ হয়, তবে এই সরকার ও সংসদও কোনোভাবে বৈধ হতে পারে না।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মামুনুল হক জুলাই বিপ্লবের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানান। সরকারকে সতর্ক করে তিনি বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসের তীব্র সংকটে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের উদাসীনতার সুযোগ নিয়ে দেশজুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাস আশঙ্কাজনকভাবে বেড়েছে।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের ৭ দফা দাবিতে আজ সকাল ৭টায় ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ শুরু হয়। ঢাকা থেকে শুরু হওয়া এই লংমার্চটি যশোর হয়ে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে অগ্রসর হচ্ছে।











