প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না: স্পিকার
ভোলা প্রতিনিধি।। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিজেদের সংশোধন করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকারকে এই সংবর্ধনা দেয় লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে সোমবার সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইশরাকের মাদক ও দুর্বৃত্ত দমনের উদ্যোগটি ইতিবাচক হলেও সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে নিজের হাতে অস্ত্র নেওয়াটা তার পদমর্যাদার সঙ্গে মানানসই ছিল না।
অতীতের কোনো রাজনৈতিক দল নিজেদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেয়নি উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন ও দৃঢ় অবস্থান নিয়েছেন। দীর্ঘ ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে এবং এই সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ লক্ষ্যে তিনি সবাইকে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে ভোটারদের সচেতন থাকার পরামর্শ দিয়ে স্পিকার বলেন, ভোটের মাধ্যমে জনগণ যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে উল্লেখ করে তিনি আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সভায় দলটির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।











