বরগুনায় ১৪৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, সম্প্রীতির প্রতীক আখড়াবাড়ি মন্দির
নিজস্ব প্রতিবেদক।
বরগুনা জেলায় এবার ১৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৯টি। ইতোমধ্যে জেলার বিভিন্ন মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
এর মধ্যে বরগুনা শহরের ২৮ বছরের পুরোনো আখড়াবাড়ি সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণে এখানে প্রতিবছর দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
মন্দির প্রাঙ্গণে রয়েছে ‘অরিত্রি স্মৃতি পাঠাগার’। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করাই এ পাঠাগারের লক্ষ্য। স্মৃতিকে ধারণ করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে পাঠাগারটি পরিচালিত হচ্ছে।
এবারের দুর্গোৎসবকে ঘিরে আখড়াবাড়ি মন্দিরে চলছে প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার কাজ। উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মহালয়ার জীবন্ত প্রতিচ্ছবি, দেশীয় কারুশিল্পে সজ্জিত প্রতিমা, আলোকসজ্জা, আতশবাজি ও মঙ্গল প্রদীপ প্রজ্বালন।
মন্দির প্রাঙ্গণে দুর্গা, শিব ও কালী মন্দিরের পাশাপাশি রামকৃষ্ণ-বিবেকানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু ও লোকনাথ বাবার ভাস্কর্য রয়েছে। পাশাপাশি রয়েছে ফুলের বাগান, যা মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য আরও বাড়িয়েছে।
মন্দির কমিটির সভাপতি দিলীপ অধিকারী বলেন, ২৮ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি ছড়িয়ে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল থাকবে। নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, ড্রোন ও পুলিশের বডি ক্যামেরার মাধ্যমে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
প্রশাসন ও পূজা উদযাপন কমিটির প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।











