নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ
ডেস্ক রিপোর্ট।। দেশের রাজনীতিবিদেরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ বিদেশে গড়লেও সাধারণ মানুষের সন্তানদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির তীব্র সমালোচনা করে লেখেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদেরা দেশটাকে এতটাই ভালোবাসেন যে, এই দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পর্যন্ত ভরসা পান না!’
রাজনীতিবিদদের এই দ্বিচারিতার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘সেজন্য তাঁরা নিজের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে নিজের পিছনে রাজনীতি করায়। আর বোকা প্রকৃতির জনতা এসব নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে, পরিবারের হক নষ্ট করে।’
নেতা ও কর্মীর সন্তানদের মধ্যকার বৈষম্যের চিত্র তুলে ধরে এনসিপির এই নেতা পোস্টে লেখেন, ‘অর্থের অভাবে কর্মীর সন্তানকে চিকিৎসা করাতে হয় চানখারপুল, আর নেতার ছেলে সে সময় মাস্তি করে লিভারপুল। নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’











