উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে আগামী ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় উর্দুভাষীদের সংগঠন ‘এসপিজিআরসি বাংলাদেশ’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম শওকত আলী, সহ-সভাপতি ইকবাল আহমেদ, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব আলী এবং খুলনা জোনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
লিখিত বক্তব্যে জানানো হয়, স্বাধীনতার পর থেকে দেশের ১৩টি জেলার ৭০টি ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠী মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিগত ৫৫ বছরে বিভিন্ন সরকারের কাছে স্থায়ী পুনর্বাসনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। উল্টো ক্যাম্পের বাসিন্দারা প্রতিনিয়ত উচ্ছেদ, দখল, বিদ্যুৎ ও পানি সংকটসহ নানা হয়রানির শিকার হচ্ছেন। ঢাকা ও বিভিন্ন জেলায় উর্দুভাষীদের স্কুল দখলের অপচেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, ২০২২ সালের ২১শে জুন নারায়ণগঞ্জের কোম্পানি বাগান ও কুমুদিনী বাগান থেকে ২৫০টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান মেলেনি। এছাড়া বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের আমলেও বহুবার সাক্ষাৎ ও আশ্বাসের পর উর্দুভাষীরা নিরাশ হয়েছেন উল্লেখ করে নেতারা জানান, একটি কুচক্রী মহল তৎকালীন সরকারের সাথে ছবি দেখিয়ে ক্যাম্পের অসহায় মানুষকে প্রশাসন দিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলন থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়:
* ৫ই অক্টোবর (সোমবার): সকাল ১১টায় এসপিজিআরসি’র কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিভাগের উর্দুভাষীরা জাতীয় প্রেস ক্লাবে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ করবেন এবং স্মারকলিপি পেশ করবেন। একই দিনে অন্যান্য জেলার নেতৃবৃন্দ নিজ নিজ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্মারকলিপি প্রদান করবেন।
* ৩০শে অক্টোবর: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘ইসলামাবাদ চুক্তি’ থাকা সত্ত্বেও পাকিস্তান সরকারের অনিহার কারণে এই সমস্যার সমাধান হয়নি। তাই পাকিস্তান সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আগামী ৩০শে অক্টোবর পাকিস্তান দূতাবাস অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
নেতৃবৃন্দ এই মানবিক সমস্যা সমাধানে বর্তমান সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।











