বাঙ্গালহালিয়া আবাসিক মুন্সি পাড়া খালপার সড়কের বেহাল দশা, ইট সলিং ও সেতু নির্মাণের দাবি
রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবাসিক মুন্সি পাড়া খালপার পর্যন্ত প্রায় ৫০০ ফুট কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই দ্রুত সড়কে ইট সলিং, পাশে ড্রেন এবং খালের ওপর একটি ছোট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে গড়ে ওঠা এ আবাসিক এলাকায় বর্তমানে ২৫ থেকে ৩০টি পরিবারের বসবাস। সড়কটির শেষ প্রান্তে থাকা খালটি ব্যবহার করতে হয় আশপাশের প্রায় ৪০ থেকে ৫০টি হিন্দু পরিবারের মানুষকে, বিশেষ করে বিভিন্ন ধর্মীয় পূজা-পার্বনের সময়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদেরও চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, “বছরের পর বছর ধরে একই দুর্ভোগ চলছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। ছোট ছোট শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে স্কুলে যেতে চায় না। সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও রাস্তার সমস্যার সমাধান হয়নি।”
আবাসিক হিন্দু পাড়ার মা মগদ্ধেশ্বরী মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত বলেন, “এলাকায় বড় কোনো পুকুর বা খাল না থাকায় বিভিন্ন পূজা-পার্বনের সময় মুন্সি পাড়া খালপার পর্যন্ত এই একমাত্র সড়ক ব্যবহার করতে হয়। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা জরুরি।”
স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে ইট সলিং, একটি ড্রেন এবং ছোট একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। বর্ষাকালে এলাকাবাসীর দুর্ভোগ চোখে না দেখলে বোঝা যাবে না।”
এ বিষয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “ইউনিয়ন পরিষদের সীমিত বরাদ্দ দিয়ে এ ধরনের উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব নয়। সড়কটির উন্নয়নে জেলা পরিষদ অথবা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্প গ্রহণ করতে হবে।”
এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে, যাতে বছরের পর বছর ধরে চলা দুর্ভোগের অবসান ঘটে।










