ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ২:১৯ অপরাহ্ন

শিরোনাম

অধিনায়কত্ব ছাড়লেন আফগানিস্তানের হাশমতউল্লাহ শহীদী

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 12:01 pm

স্পোর্টস ডেস্ক।। আফগানিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদী। নিজের সিদ্ধান্তে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে অধিনায়কত্ব ছেড়েও জাতীয় দলের হয়ে খেলবেন বলে জানিয়েছেন তিনি।

২০২২ সালের শুরুতে আফগানিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেয়া হয় শহীদীর কাঁধে। তার নেতৃত্বেই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় দলটি। সাড়ে চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর এবার সেই অধ্যায়ের ইতি টানলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় শহীদী বলেন, ‘পূর্ণ সম্মান ও আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে আমি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এই দায়িত্ব পালন করা আমার জন্য ছিল অসাধারণ সম্মানের। সততা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দলের সেবা করতে পেরে আমি গর্বিত।’

আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস
শহীদীর নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে আলোচনায় আসে দলটি। যদিও অল্পের জন্য নকআউট পর্বে ওঠা হয়নি।

মিডল অর্ডার এই ব্যাটারের নেতৃত্বে আফগানিস্তান খেলেছে ৫৫টি ওয়ানডে, যার মধ্যে জয় এসেছে ২৭টিতে। এই সময়ে এশিয়া কাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

নিজ বার্তায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহীদী বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং সবাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক গুরুত্বপূর্ণ জয় পেয়েছি, শক্তিশালী দলগুলোকে হারিয়েছি এবং আফগানিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। এসব অর্জন শুধু আমার নয়, পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

 

অধিনায়ক হিসেবে তার ব্যাটিং পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। নেতৃত্বে থাকাকালে তার ব্যাটিং গড় ছিল ৩৩.৭৯ এবং স্ট্রাইক রেট ৭০.৭৭। ৯৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার একমাত্র সেঞ্চুরিটিও এসেছে অধিনায়ক থাকাকালে। গত জুনে ভারতের বিপক্ষে ১৩১ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শহীদীর বিদায়ে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই আফগানিস্তানকে খুঁজে নিতে হবে দলটির নতুন কাপ্তান।