ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:২৯ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

  • আপডেট: Monday, July 20, 2026 - 2:26 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।।

বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে এসে বন্যাকবলিত বিভিন্ন এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং দল-মত নির্বিশেষে সবার জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করছে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সবাইকে সঙ্গে নিয়েই একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলে থাকাকালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসহায় মানুষের পাশে ছিল, সরকারেও থেকে সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। দুর্যোগপ্রবণ এলাকায় মন্ত্রিপরিষদ, জেলা প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিন মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির খোলা বাজারে (ওএমএস) কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বন্যাদুর্গত মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে দেশব্যাপী এ কর্মসূচি চালু হবে বলেও জানান তিনি।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক খোঁজখবর রাখছেন এবং তাদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, যারা এনজিও থেকে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করেন, তাদের অন্তত এক মাসের কিস্তি ও সুদ মওকুফের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে পার্বত্য তিন জেলায় ত্রাণ সহায়তা হিসেবে ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়া শুরু হয়েছে এবং গবাদিপশুর জন্য বিনামূল্যে খুরা রোগের টিকা প্রদান করা হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির কর্মসূচিও শুরু হয়েছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি-সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফলিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে খাগড়াছড়ি জেলা সার্কিট হাউসে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।