ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

হৃদ্‌যন্ত্রে জটিল ত্রুটি, কাপ্তাইয়ের নবজাতককে বাঁচাতে মানবিক সহায়তার আহ্বান

  • আপডেট: Saturday, July 18, 2026 - 9:58 am

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার মাত্র এক সপ্তাহ বয়সী এক নবজাতক হৃদ্‌যন্ত্রের জটিল জন্মগত ত্রুটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসকদের মতে, শিশুটির হৃদ্‌যন্ত্রে ছিদ্র এবং প্রধান রক্তনালিতে জটিল সমস্যা রয়েছে। দ্রুত ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করে অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা না করালে তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। তবে শিশুটির বাবা আনোয়ার হোসেন একজন দিনমজুর হওয়ায় এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরগির টিলা এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, সিজারের মাধ্যমে জন্ম নেওয়ার পরপরই নবজাতকের শারীরিক জটিলতা দেখা দিলে প্রথমে তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ আগ্রাবাদের চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা বেগম জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির হৃদ্‌যন্ত্রে ছিদ্র এবং প্রধান রক্তনালিতে জটিল ত্রুটি ধরা পড়েছে। উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুত ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

শিশুটির বাবা আনোয়ার হোসেন বলেন, “আমি একজন দিনমজুর। পরিবারের একমাত্র উপার্জনকারী। সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করার কোনো সামর্থ্য আমার নেই। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাছে আমার সন্তানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি।”