ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীর আজিমপুরে বাড়িওয়ালার কিল-ঘুষিতে ভাড়াটিয়া নিহত

  • আপডেট: Monday, July 13, 2026 - 1:34 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর আজিমপুর এলাকায় ভাড়িওয়ালার কিল-ঘুষিতে স্বপন (৬২) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, তার ছেলে রিজভীর রোববার (১২ জুলাই) বাসা ভাড়া নিতে আসার কথা ছিল। তবে তিনি আসেননি।

তিনি আরও জানান, পরবর্তীতে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেওয়া হলেও রিজভী ফোন ধরেননি। কিছু সময় পর কল ব্যাক করে তিনি গালাগালি করেন। পরে ভোর ৪টার দিকে তিনি বাসা ভাড়া নিতে আসেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে রিজভী ও তার সঙ্গে আসা তার চাচাতো ভাই রোহান মিলে তাকে (সেলিম) ও স্বপনকে মারধর করেন। তারা স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে সেখানেই অচেতন হয়ে পড়েন তিনি। তখন ওই দুজনই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৫টার দিকে স্বপনকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক এসআই কিরণ মিয়া গণমাধ্যমকে বলেন, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। পরবর্তীকালে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।