দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে: মহালছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) পরিতোষ হাজরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্তরা দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।











