দীঘিনালা জোনের উদ্যোগে গভীর নলকূপ স্থাপন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)। উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালে কার্বারীপাড়ায় একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে, যা স্থানীয় মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে।
সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় জনগণের নিরাপদ পানির চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে দীঘিনালা জোনের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রায় ১০০টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ নিয়মিত বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগা এলাকাবাসীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই পানির ব্যবস্থা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে এবং বিশুদ্ধ পানির অভাবে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।











