ঢাকা | জুন ৭, ২০২৬ - ৯:০৭ অপরাহ্ন

শিরোনাম

দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

  • আপডেট: Sunday, June 7, 2026 - 6:53 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:

সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী পদে বহাল করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা এবং সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা ও প্রজ্ঞা জ্যোতি চাকমা।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তিনি আইন পেশা ও চাকরি ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানকে দ্রুত মন্ত্রী পদে পুনর্বহাল করা প্রয়োজন। অন্যথায় পাহাড়ের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।