ঢাকা | জুন ৬, ২০২৬ - ৩:২৬ অপরাহ্ন

শিরোনাম

একজন হেরে যাওয়া মানুষ নিয়ে কিছু বলার নেই: দেব

  • আপডেট: Saturday, June 6, 2026 - 12:45 pm

বিনোদন ডেস্ক।। টলিউডের প্রভাবশালী সংগঠক স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও সাংসদ দেব। তিনি বলেন, একজন হেরে যাওয়া মানুষকে নিয়ে আর কিছু বলার নেই। তাঁর মতে, যে যেমন কাজ করে, শেষ পর্যন্ত তার ফলও তেমনই ভোগ করতে হয়।

টলিউডের টেকনিশিয়ানস ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস সম্প্রতি কাজের বিনিময়ে টাকা দাবি, তোলাবাজি, হুমকি এবং শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থেকে গ্রেফতার হয়েছেন। তাঁর ও তাঁর ভাই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্টুডিওপাড়ায় একচ্ছত্র আধিপত্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল।

দেব দাবি করেন, অতীতে স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল এবং সেই সময়ে তাঁকেও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়েছিল। এমনকি সামাজিক মাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। না হলে তাঁকে আর কাজ করতে দেওয়া হবে না— এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

অভিনেতার বক্তব্য, টলিউডের বহু শিল্পী ও টেকনিশিয়ান দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেকের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, অনেককে কার্যত শিল্পজগতের বাইরে রাখা হয়েছিল। এসব বিষয়ে তাঁর কাছেও অসংখ্য অভিযোগ পৌঁছেছিল বলে জানান দেব।

তিনি বলেন, শুধু শিল্পী নন, বহু টেকনিশিয়ানের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন। তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

দেবের মতে, টলিউডের বিভিন্ন সংগঠনও সেই সময়ে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। অনেক অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালোভাবে প্রতিবাদ করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ক্ষমতা চিরস্থায়ী নয় এবং অন্যায়ের বিরুদ্ধে একদিন না একদিন প্রতিক্রিয়া আসবেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে দেব বলেন, তিনি এখনও তাঁকে সম্মান করেন। তাঁর মতে, দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বাসের ভিত্তিতে, কিন্তু পরবর্তীতে কী ঘটেছে, তা হয়তো সবাই জানতেন না।

নতুন সরকারের প্রতিও আস্থা প্রকাশ করেছেন দেব। তিনি মনে করেন, সরকারকে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো সমাধানে নতুন সরকার ইতিবাচক ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও আশাবাদী দেব। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। নতুন সরকারের অধীনে এ বিষয়ে অগ্রগতি হবে বলেই তাঁর বিশ্বাস।