বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও সম্পাদিত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ ও ফ্যামিলি সমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানসমূহ লাইভ প্রচারের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব কার্যক্রমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকার কৃষিসহ প্রতিটি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।
এসময় কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব উপস্থিত সাংবাদিকদের কৃষি ঋণ ও কৃষক কার্ড বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে কাপ্তাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











