কাপ্তাইয়ে বারি আম-৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত “বারি আম-৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার), বিএআরআই অঙ্গ প্রকল্পের অর্থায়নে সোমবার (১১ মে) সকাল ১১টায় গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. মো. ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের ফলন ঠিক রেখে সমগ্র বাংলাদেশে ২ লাখ হেক্টর জমিতে অন্যান্য ফলের উৎপাদন বাড়াতে এ প্রকল্প কাজ করছে। প্রকল্পের আওতায় মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে হবে।
রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো. এনায়েত শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে গবেষণা কেন্দ্রের বারি আম-৪ এর বাগান পরিদর্শন করানো হয়। সেখানে কৃষকদের বারি আম-৪ এর উৎপাদন কৌশল, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা এ প্রশিক্ষণকে ফল উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।











