ডিবির অভিযানে মাদক নগদ অর্থ জুয়ার সরঞ্জামসহ আটক ১৬
এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। এসময় ৫ কেজি গাঁজা, ৫৫ পিস ইয়াবা, ৪১০ পুড়িয়া হেরোইনসহ নগদ অর্থ ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার আশুলিয়া, সাভারসহ ধামরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১৬,৫০০ টাকা) এবং ৫০ পুড়িয়া হেরোইন (মূল্য প্রায় ১৫,০০০ টাকা) উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে সাভার থানার রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. সাগর আহম্মেদ (৩২) নামের এক যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (৬ মে) ভোর সাড়ে ছয়টায় আশুলিয়ার এয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আরো ২ জন আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই থানাধীন দক্ষিণ কেলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২টি তাসের বান্ডিল, নগদ ১৮,০৭০ টাকা এবং একটি গামছা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মো. সাগর আহম্মেদের বিরুদ্ধে এর আগেও ২টি এবং মো. সোহাগ মোল্লার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। সব আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











