ঢাকা | মে ৬, ২০২৬ - ৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

এপেক্স বাংলাদেশের এনভিপি নির্বাচিত হওয়ায় বান্দরবানে নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 7:47 pm

নিজস্ব প্রতিবেদক।।
এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (এনভিপি) নির্বাচিত হওয়ায় এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা দিয়েছে বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
মঙ্গলবার (৫ মে) বান্দরবান পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক।
সংবর্ধিত অতিথি নুরুল আমিন চৌধুরী আরমান বর্তমানে বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কর নির্ধারক লিটন কান্তি সরকার। সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনজুরুল হক বলেন, এপেক্স বাংলাদেশের মতো আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নুরুল আমিন চৌধুরী আরমানের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি বান্দরবানের জন্যও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তিনি আরও বলেন, এ ধরনের অর্জন তরুণ প্রজন্মকে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
সংবর্ধনার জবাবে নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এই সম্মান তাঁকে আরও দায়িত্বশীল করে তুলেছে। এপেক্স বাংলাদেশের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।