ঢাকা | মে ৪, ২০২৬ - ৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বৃষ্টি হলেও বন্ধ ৪ ইউনিট

  • আপডেট: Monday, May 4, 2026 - 7:50 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
গত কয়েকদিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) এখনো পানি স্বল্পতা কাটেনি। ফলে বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি।
বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি ইউনিট চালু রয়েছে। এই ইউনিট থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। অথচ কেন্দ্রটির ৫টি ইউনিট চালু থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
কপাবিকে’র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর ধীরে ধীরে কমে যায়। গত কয়েকদিন বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
তিনি আরও জানান, রুল কার্ভ অনুযায়ী এই সময়ে কাপ্তাই লেকের পানির স্তর ৮১.৪৩ ফুট (মিন সি লেভেল) থাকার কথা থাকলেও সোমবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর ছিল ৭৭.৯৮ ফুট (মিন সি লেভেল)। অর্থাৎ এখনো ৩.৪৫ ফুট কম রয়েছে।
কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র ২ নম্বর ইউনিট চালু রয়েছে এবং সেখান থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃষ্টিপাত বাড়লে এবং লেকের পানির স্তর বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে।