বাঘাইছড়িতে পুলিশের অভিযান: ইয়াবাসহ যুবক আটক
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হুসাইন মনির নামে এক যুবক আটক হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাকিবুল হাসান ও এসআই রিয়াজুল ইসলাম-এর নেতৃত্বে উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক লংগদু মাইনী এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। সে কলেজপাড়া এলাকায় হাবিব উল্লাহর ভাড়াটিয়া বলে নিশ্চিত করেছে পুলিশ।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বাঘাইছড়ি থানা পুলিশ তৎপর রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।











