ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ৫:১২ অপরাহ্ন

শিরোনাম

ডিবির সাঁড়াশি অভিযানে ছিনতাইকারী জুয়ারি মাদক ব্যবসায়ীসহ আটক ১৩

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 2:37 pm

এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) এর পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন, তিন ছিনতাইকারী এবং নয় জন জুয়ারীকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল সকাল ১০টা ১৫ মিনিটে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খানকে (৪৭) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

একইদিন সকাল ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য ফারদিন হাসান জিসান (২২) ও মাহফুজুর রহমানকে (২৪) আটক করা হয়। তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছ্যান দা এবং একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়েছে।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার আউকপাড়া এলাকায় আরেক অভিযানে ছিনতাইকারী দলের সদস্য সেলিম আহম্মেদ সাগরকে (৩৬) আটক করে পুলিশ।

এছাড়া ২৮ এপ্রিল রাত সাড়ে বারোটায় সাভার মডেল থানার ভরারী এলাকায় অভিযান চালিয়ে নয় জন জুয়ারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২টি তাসের একটি বান্ডিল, ২টি ইনটেক তাসের বান্ডিল, নগদ ১৫ হাজার ৫৫০ টাকা এবং একটি গামছা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে এর আগেও আটটি মাদক মামলা রয়েছে। এছাড়া ছিনতাইকারী জিসানের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।