ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • আপডেট: Monday, April 27, 2026 - 10:11 pm

মিরসরাই প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে ইট, পাথর ও বালুর ব্যবসা করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এতে একদিকে যেমন সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের কাঠামো।

ট্রাক্টর ও ভারী ট্রাকে করে ইট, পাথর ও বালু পরিবহন করা হচ্ছে। এসব যানবাহনের অতিরিক্ত চাপে ইতোমধ্যে অনেক সড়কে ফাটল ধরেছে, কোথাও পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ।

মিরসরাই বিসিক শিল্প নগরীর প্রধান সড়ক দখল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যানবাহন চালক ও পথচারীরা। বিশেষ করে রাতের বেলায় এসব রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও লোকজন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি, সাধারণ যানবাহন, অ্যাম্বুলেন্স ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইট, বালু রেখে ব্যবসা করছেন বিভিন্ন ব্যক্তি। বিশেষ করে উপজেলার ওয়ালের্স মিরসরাই বিসিক শিল্প নগরী, মিরসরাই সদর, সুফিয়া রোডসহ বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে নির্মাণসামগ্রী রেখে ব্যবসা করা হচ্ছে। এসব মালপত্র পরিবহনে ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর ও ভারী ট্রাক। এতে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। রাস্তা সংকুচিত হওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

ইট-বালু ব্যবসায়ী জাহেদুল ইসলাম জাহেদ জানান, (ইট-বালুর স্তূপ) রাস্তার পাশে রাখার কারণে অনেক সময় বালু ও ইট রাস্তার কাছে চলে আসে। তবে এভাবে নির্মাণসামগ্রী রাখতে এই পর্যন্ত কেউ তাঁকে নিষেধ করেনি। অনেক বছর ধরে এই ব্যবসা করছেন তিনি।

প্রত্যক্ষদর্শী আবুল বাশার বলেন, রাস্তা দখল করে পাথর, বালু, ইট রেখে ব্যবসা করছেন জাহেদ নামে এক ব্যক্তি। এতে জনগণের চলাচল করতে অসুবিধা হচ্ছে। দিনের পর দিন রাস্তা দখল করে রাখছে।

পথচারী মামুন হোসেন বলেন, বিসিক শিল্প নগরীর রাস্তা দখল করে ইট-বালু রাখার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঠিকমতো চলতে পারে না। এসব দেখার কি কেউ নেই?

দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সংশ্লিষ্ট প্রশাসন কিংবা সড়ক বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

মিরসরাই বিসিক শিল্প নগরীর কর্মকর্তা তানজিমুন রহমান বলেন, আমরা ঐ ব্যক্তিকে একাধিকবার মৌখিকভাবে বলার পরও সে রাস্তা দখল করে রেখেছে এবং আজ সকালেও তাকে বলা হয়েছে। আমরা বারবার বলার পরও হচ্ছে না। নেক্সট টাইম সে যদি রাস্তা দখল করে রাখে, আমরা থানায় অভিযোগ করবো।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, তাদের আওতায় থাকা সড়কের ওপর ইট, পাথর, বালু রেখে ব্যবসা করার সুযোগ নেই। উপজেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন ব্যক্তি রাস্তার পাশে বালু, ইট রেখে ব্যবসা করছে। এসব মালপত্র আনা-নেওয়ার কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।