ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট: Thursday, April 23, 2026 - 6:48 pm

এম এ হাসান, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল রাত ৮টা ৪৫ মিনিটে র‍্যাব-১৫, সিপিএসসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ওপরের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পটিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

এদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আইয়ুব (৫৫) কে গ্রেফতার করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মৃত আবুল হাসেমের পুত্র। তার বিরুদ্ধে সিএমপি সদরঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজা ছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।