ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ২:৫৩ অপরাহ্ন

শিরোনাম

জয়পুরহাটে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, April 23, 2026 - 12:00 pm

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে গোসরে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে ফিরে হোসেন আলী ও রহমত আলী তাদের বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর দুই ভাইকে দেখতে না পেয়ে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।